রাজনীতি

গণতন্ত্র নয়, ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠার অভিযোগ এনসিপির

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৫৯ এএম
গণতন্ত্র নয়, ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠার অভিযোগ এনসিপির

বর্তমান সরকার দেশে গণতন্ত্রের বদলে ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। তার ভাষ্য, ‘১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র নয়, জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছে এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। জনগণের প্রত্যাশা পূরণ না হয়ে বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট মানুষের ভোগান্তি বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

জ্বালানি পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। এতে দৈনন্দিন জীবিকা নির্বাহে সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পরিবর্তে দলীয় লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসানো হয়েছে বলে তাদের অভিযোগ।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আযাদ ও নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির নেতা ড. ওহাব মিনার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁনসহ বিভিন্ন দলের নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!