রাজনীতি

হুংকার দিয়ে আন্দোলন দমন সম্ভব নয়: হামিদুর রহমান

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৫:০১ এএম
হুংকার দিয়ে আন্দোলন দমন সম্ভব নয়: হামিদুর রহমান

হুংকার বা কঠোর ভাষা ব্যবহার করে জনগণের আন্দোলন দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ১১-দলীয় ঐক্যের গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের বক্তব্য ও আচরণে পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার ভাষ্য, আন্দোলন দমনে শক্ত অবস্থানের হুঁশিয়ারি আগের সরকারের ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তিনি বলেন, ‘হুংকার দিয়ে বা চোখ রাঙিয়ে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না।’ সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা যথাযথভাবে রক্ষা করা হচ্ছে না। সংবিধানে নাগরিকদের যে অধিকার দেওয়া হয়েছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এছাড়া ১১-দলীয় জোটের বিভিন্ন শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!