রাজনীতি

সরকারের সমালোচনা করলেই হামলার আশঙ্কা: রাশেদ প্রধান

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৫:০৩ এএম
সরকারের সমালোচনা করলেই হামলার আশঙ্কা: রাশেদ প্রধান

সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয় এবং কঠিন ভাষায় কথা বললে হামলার আশঙ্কা থাকে—এমন অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে ১১ দলীয় ঐক্যের গণমিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রাশেদ প্রধান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য ও বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে রয়েছে। তার দাবি, গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না এবং জ্বালানির জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকে, তবে কেন সাধারণ মানুষকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

সরকারের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কঠিন ভাষায় কথা বললে আবার বাসায় হামলা হতে পারে।’ নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব হুমকি সত্ত্বেও তিনি তার অবস্থান থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা বিল্লাল মিয়াজি, এবি পার্টির ডা. ওহাব মিনার, বাংলাদেশ লেবার পার্টির খন্দকার মিরাজুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!