জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনে সংসদ ও রাজপথের আন্দোলন একসঙ্গে গড়ে তোলা হবে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।
নাহিদ ইসলাম বলেন, “আমরা সংসদে আছি গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নের কথা বলার জন্য। আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক ও নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ নানা সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করছে। তবে সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে এবং এ পরিস্থিতি জনগণ মেনে নেবে না।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার জোরে এ রায় প্রত্যাখ্যান করে, তাহলে তার পরিণতি ভালো হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন শফিকুর রহমান, মামুনুল হক, অলি আহমদসহ বিভিন্ন দলের নেতারা।
No comments yet. Be the first to comment!