রাজনীতি

‘প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি’

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৪:৩১ এএম
‘প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কথা বলে ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে, যা গণভোটের চেতনার পরিপন্থী। নির্বাচনের পর প্রথম দিন থেকেই সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকারে এসে বিপুল পরিমাণ টাকা ছাপানো হয়েছে এবং ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থ পাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এতে বোঝা যায়, শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ‘ফ্যাসিবাদ’ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ডাকসুর দুই প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, এই ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা স্পষ্ট।

তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবহন ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্বের মাধ্যমে নতুন করে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশে বারবার স্বৈরশাসন ফিরে আসতে পারে। তিনি রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবশক্তি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভায় জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!