জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে গিয়ে বিএনপি এখন জ্বালানি সংকটে পড়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নাহিদ ইসলাম বলেন, “কার্ড বিতরণ করতে গিয়ে সরকারের জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানি সংকট নেই।” তিনি অভিযোগ করেন, সরকার বাস্তব অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও জনগণের ভোগান্তিকে অস্বীকার করছে।
তিনি বলেন, দেশের স্বার্থে তাঁর দল সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল, কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না। তাঁর দাবি, খুব অল্প সময়ের মধ্যেই সরকার ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে।
নাহিদ ইসলাম বলেন, তাঁরা দেশে অস্থিতিশীলতা চান না। তবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের গণআন্দোলনের চেতনার প্রতি সম্মান দেখাতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এ দাবি আদায়ে তাঁরা সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সংস্কার কার্যক্রমে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি আগের মতো কর্তৃত্ববাদী পথে হাঁটে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। প্রয়োজনে তরুণ সমাজ ও আন্দোলনে অংশ নেওয়া মানুষ আবারও রাজপথে নামবে বলেও সতর্ক করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!