রাজনীতি

‘হাসিনাকে হটিয়েছি ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে’

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৪৪ এএম
‘হাসিনাকে হটিয়েছি ঠিকই, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে’

গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী কাঠামোর উপাদান এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে ‘হাসিনাকরণ’ বা ‘আওয়ামীকরণ’ বন্ধ না হলে শুধু সরকার পরিবর্তনে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আখতার হোসেন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা শহীদ ও পঙ্গু হয়েছেন। এই সংসদ সেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ শক্তির প্রতিফলন। তিনি শহীদ, আহত ও কারাবরণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনার দাবি জানান।

তিনি বলেন, নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল—যেখানে পেশিশক্তির পরিবর্তে নীতিনির্ভর রাজনীতি ও আলোচনা প্রাধান্য পাবে। কিন্তু বাস্তবে এখনো সেই লক্ষ্য অর্জিত হয়নি। অনেক অধ্যাদেশ বিস্তারিত আলোচনা ছাড়াই পাস হওয়ায় সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রশাসনিক দুর্বলতার কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, একজন সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সেবা পেতে সুপারিশ করতে হয়। এমনকি হাসপাতালে সিট পেতেও তদবিরের প্রয়োজন হয়। এসব সমস্যা দূর করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেন, বিভ্রান্তি ছড়াতে নানা প্রপাগান্ডা চালানো হচ্ছে, যা থেকে সতর্ক থাকতে হবে।

আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন করে শরণার্থী সংকট তৈরির আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা সংকটের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের জীবনরেখা হিসেবে তিস্তা নদীকে কার্যকর করতে হবে। এ ধরনের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রকাঠামোর সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!