দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড় ও বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একাধিক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় লাইটনিং অ্যারেস্টার স্থাপনসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত মর্মান্তিক। এসব ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশে প্রতি বছর মৌসুমি আবহাওয়ার কারণে বজ্রপাতজনিত প্রাণহানি ঘটছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সরকারকে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক লাইটনিং অ্যারেস্টার স্থাপন, সচেতনতামূলক প্রচারণা জোরদার এবং বৈরী আবহাওয়ায় নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাইয়ে গাছচাপায় অন্তঃসত্ত্বা এক নারী এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরেক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা জরুরি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!