রাজনীতি

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

আপডেট: মে ০১, ২০২৬ : ০৫:৪৭ এএম
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি। মে দিবস ঘিরে প্রতিবছর নানা আয়োজন হলেও শ্রমিকদের বাস্তব জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন খুব কমই এসেছে বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম দেশ-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের শহিদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “দিনে আট ঘণ্টা শ্রমের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালানো হয়েছিল। সেই আত্মত্যাগের স্মৃতির ওপর দাঁড়িয়ে আজ বিশ্ব মে দিবস পালন করছে।” তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে মে দিবস পালন করা হলেও তা অনেকাংশে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে। ব্যানার, আলোচনা ও বক্তব্যের বাইরে শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন খুব বেশি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অতীতে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের দমন-পীড়নের মুখে পড়তে হয়েছে। শ্রমিকনেতাদের হয়রানি ও নিপীড়নের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পরও বিচার সম্পূর্ণ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, পরিবর্তনের স্বপ্ন দেখেছে। কিন্তু এখনো বৈষম্য পুরোপুরি দূর হয়নি।”

বিবৃতিতে তিনি শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!