চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিও জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরা এখনো অমানবিক জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নে আমাদের কার্যকরভাবে কাজ করা উচিত।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শ্রমজীবী মানুষ সামনের সারিতে থেকে সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ২০২২ সালের আন্দোলনের সময় নয়াপল্টনে প্রথম যে ব্যক্তি নিহত হন, তিনি ছিলেন একজন ওয়ার্কশপ কর্মী। শ্রমিকরাই আন্দোলনে সবচেয়ে বেশি শক্তি যুগিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
দুপুর আড়াইটায় কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সমাবেশ শুরু হয়। দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। এতে নারী শ্রমিকদের অংশগ্রহণও দেখা যায়।
সমাবেশকে ঘিরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপণের ব্যবস্থাও রাখা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!