রাজনীতি

শ্রমজীবী মানুষের মর্যাদা নিশ্চিতের আহ্বান আখতার হোসেনের

আপডেট: মে ০২, ২০২৬ : ০৫:৩৯ এএম
শ্রমজীবী মানুষের মর্যাদা নিশ্চিতের আহ্বান আখতার হোসেনের

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, শ্রমজীবী মানুষের অবদান ছাড়া সমাজের স্বাভাবিক জীবনযাত্রা সম্ভব নয়। তাই তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে।

শুক্রবার রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, পয়োনিষ্কাশন, জুতা সেলাইসহ নানা পেশায় নিয়োজিত মানুষের শ্রমেই নগরজীবন সচল থাকে। অথচ সমাজে তাঁদের অনেক সময় অবহেলা ও অসম্মানের মুখে পড়তে হয়, যা একটি মানবিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

শ্রমজীবী মানুষের সঙ্গে সম্মানজনক আচরণের ওপর গুরুত্ব দিয়ে আখতার হোসেন বলেন, অবমাননাকর ভাষা ব্যবহার শুধু একজন মানুষকে ছোট করে না, বরং সামগ্রিক সামাজিক বৈষম্যকে আরও গভীর করে তোলে। তিনি সবাইকে শ্রমজীবী মানুষের সঙ্গে মর্যাদাপূর্ণ ভাষায় কথা বলার আহ্বান জানান।

সমাজে বিদ্যমান বৈষম্যের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এখনো অনেক স্থানে পয়োনিষ্কাশনকর্মী বা জুতা মেরামতের কাজ করেন—এমন মানুষদের হোটেলে বসে খেতে দেওয়া হয় না। এ ধরনের আচরণ মানবিক মর্যাদার পরিপন্থি বলে মন্তব্য করেন তিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে যেসব আইন পাস হয়েছে, তাতে অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়তে পারে। তাঁর অভিযোগ, নতুন আইনের মাধ্যমে ব্যাংক খাতের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।

আখতার হোসেন বলেন, অর্থনীতি দুর্বল হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়ে শ্রমজীবী মানুষের ওপর। এতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান আরও সংকটে পড়তে পারে।

সমাবেশে শ্রমিক অধিকার, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!