জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, দেশের বর্তমান সংসদে শ্রমজীবী ও সাধারণ পরিবারের প্রতিনিধিত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তিনি বলেন, “আমিও শ্রমিক পরিবার থেকে উঠে এসেছি। আমার চাচাতো ভাই এখনো রিকশা চালান। সেই পরিবার থেকেই আজ সংসদে প্রতিনিধিত্ব করছি।”
শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক শক্তির আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন কৃষক পরিবারের সন্তান, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শ্রমিক পরিবারের সন্তান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রাজমিস্ত্রি পরিবারের সন্তান। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের ঘর থেকে উঠে আসা প্রতিনিধিদের উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে।
তিনি বলেন, রাষ্ট্রক্ষমতার পালাবদল হলেও শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। রাজনৈতিক নেতাদের জীবনমান বদলালেও খেটে খাওয়া মানুষের জীবন একই রয়ে গেছে। তবে এবারের সংসদে তুলনামূলক বেশি শ্রমজীবী ও তরুণ প্রতিনিধির উপস্থিতি পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনীতি ও দুর্নীতির প্রসঙ্গ টেনে হান্নান মাসউদ বলেন, একটি গোষ্ঠী বছরের পর বছর দেশের সম্পদ লুটপাট করছে। অথচ সাধারণ মানুষ ও শ্রমিকেরা আইনের কঠোরতার মুখে পড়ছেন বেশি। তিনি অভিযোগ করেন, ধনী ও প্রভাবশালীদের ক্ষেত্রে অনেক আইন কার্যকর হয় না, কিন্তু স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে তা কঠোরভাবে প্রয়োগ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশের অর্থনীতি পরিচালনায় একজন পেশাদার অর্থনীতিবিদের পরিবর্তে গার্মেন্টস খাতের একজন ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রবাসী শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কঠোর পরিশ্রম করে শ্রমিকেরা দেশে অর্থ পাঠান, কিন্তু সেই অর্থের সুফল সাধারণ মানুষ পান না। দুর্নীতি ও অর্থ পাচারের কারণে শ্রমজীবী মানুষের কষ্টের উপার্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!