দেশে এখনো একটি মানসম্মত জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বহু দেশে দীর্ঘ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে ন্যূনতম মজুরির ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো একটি জাতীয় মানদণ্ডভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, “জাতীয় ন্যূনতম মজুরি নানা খাতে থাকলেও একটি স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজ এখনো নির্ধারিত হয়নি।”
তিনি আরও বলেন, শ্রম আদালত ও ট্রাইব্যুনালে হাজারো শ্রমিকের নামে বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ায় শ্রমিকেরা ভোগান্তিতে পড়ছেন। তাঁর ভাষ্য, “শ্রমিকরা কি মামলা চালাবে, নাকি কারখানায় কাজ করবে?”
শ্রমিকদের অবদান উল্লেখ করে রিজভী বলেন, সভ্যতার অগ্রযাত্রা শ্রমিকের ঘাম, শ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। তাই তাঁদের জন্য ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাষ্ট্রীয় নীতির মাধ্যমে পাটকলগুলো আবার সচল করা গেলে দেশে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশীয় সম্পদেরও সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে স্থাপিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গও তোলেন রিজভী। তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যার প্রভাব শিল্প ও কর্মসংস্থানের ওপর পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!