ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, শ্রমজীবী মানুষ সব সময়ই রাষ্ট্রীয় অবহেলা ও বঞ্চনার শিকার।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের উচিত তাদের জন্য আলাদা কার্ড ব্যবস্থা চালু করা, যার মাধ্যমে চিকিৎসা, খাদ্য ও আবাসনের মতো মৌলিক সেবা নিশ্চিত করা যাবে। শুক্রবার (১ মে) মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। পাশাপাশি দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এসব অপপ্রচার বন্ধ করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইসলামের স্বার্থে তারা সমঝোতার রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁর দাবি, কিছু রাজনৈতিক শক্তি ইসলামের স্বার্থকে উপেক্ষা করে গোপন আঁতাতে যুক্ত হয়েছে, যার বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতি করছে।
তিনি আরও বলেন, “আমরা কোনো গোপন রাজনীতি করি না, আমাদের সব কার্যক্রম জনগণের সামনে স্পষ্টভাবে পরিচালিত হয়।”
সমাবেশে তিনি সংসদে পুরনো রাজনৈতিক বিতর্ক আবারও ফিরে আসাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান ইসলামি শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসনব্যবস্থার পক্ষে—তা স্পষ্ট করার আহ্বান জানান।
অন্য বক্তারা সমাবেশে শ্রমিক অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের জন্য কার্যকর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!