মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাস্তবায়িত ‘বীরনিবাস’ প্রকল্পে বিগত সময়ে দলীয়করণ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে।
আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিবাদী সময়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীরনিবাস’ প্রকল্পে যে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে, তা তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম আর না ঘটে, সেটিও নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে ডিসিদের সঙ্গে অনুষ্ঠিত অধিবেশন ফলপ্রসূ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইশরাক হোসেন বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কার্যক্রম আরও জনবান্ধব করা যায়। বীর মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ, যথাযথ সম্মান নিশ্চিত করা এবং বীরনিবাস প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার গৃহ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৮০৬টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকি ঘরগুলোর কাজ চলমান রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!