রাজনীতি

শাপলা চত্বরের ঘটনা ইসলামি নেতৃত্বকে নিশ্চিহ্ন করার নীলনকশার অংশ ছিল : ছাত্রশিবির সভাপতি

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:২৯ এএম
শাপলা চত্বরের ঘটনা ইসলামি নেতৃত্বকে নিশ্চিহ্ন করার নীলনকশার অংশ ছিল : ছাত্রশিবির সভাপতি

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে ইসলাম ও ইসলামি নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন করার নীলনকশার অংশ’ হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনটি ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম বলেন, ওই ঘটনার মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের সময় ইসলামপন্থী নেতাকর্মীদের দমন করা হয়েছিল বলে তারা মনে করেন। তিনি শাপলা চত্বরের ঘটনার শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, ওই ঘটনার পর বিভিন্ন সময়ে আলেম-ওলামাদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে এবং বহু মানুষকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে বলে তাদের অভিযোগ।

মানববন্ধনে বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের সাবেক নেতারা এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!