রাজনীতি

১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৪:৪২ এএম
১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই জেলাতেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগে দেশের বিভিন্ন এলাকায় চলমান খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী চাঁদপুর ও ফেনীতে কয়েকটি উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরাও নিজ নিজ এলাকায় কার্যক্রম তদারকি করছেন।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় মে মাস পর্যন্ত খননকাজ চলবে। এরপর বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবারও পুরোদমে কার্যক্রম শুরু হবে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনা–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে জানানো হয়, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!