ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং চলমান খাল খনন কর্মসূচি দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বুধবার রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও তথ্য জানানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ জনগণের আস্থা বাড়াতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, দেশে বিনিয়োগে সবচেয়ে বড় বাধা হলো সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা দ্রুত সিদ্ধান্ত ও সেবা চান, কিন্তু তা না পাওয়ায় অনেক সময় হতাশা তৈরি হয়।
মন্ত্রী আরও বলেন, আমলাতন্ত্রে গতি আনার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি গ্যাস ও তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজও শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে টেন্ডার আহ্বান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!