রাজনীতি

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:০২ এএম
সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমত দমনের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

আজ শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, “প্রবাদ আছে, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বর্তমানে সেটিই বাস্তবে পরিণত হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”

তিনি আরও বলেন, গণভোটে জনগণের একটি বড় অংশের মতামত উপেক্ষা করা হয়েছে বলে তাদের অভিযোগ রয়েছে। “নির্বাচনের আগে তারা এক অবস্থান নিয়েছিল, এখন আবার ভিন্ন অবস্থানে গিয়ে জনগণকে বিভ্রান্ত করছে,” বলেন তিনি।

উন্নয়ন কার্যক্রম নিয়েও সমালোচনা করে জামায়াত নেতা বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় আঞ্চলিকতা বা দলীয় প্রভাব থাকা উচিত নয়। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে।

তিনি অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের এলাকায় সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

গোলাম পরওয়ার বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়িত হলে রংপুর-দিনাজপুর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল এবং সৈয়দপুর উপজেলা আমির শফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!