জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার টালবাহানা করে জুলাই সনদ বাস্তবায়ন এড়িয়ে যেতে চায়। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক সংস্কার হতে হবে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছেন।
তিনি বলেন, “এভাবে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।”
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
No comments yet. Be the first to comment!