রাজনীতি

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৩৯ এএম
পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

ভারত থেকে পুশইন এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যেন নির্যাতন না হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামায়াত।

জাপান সফর শেষে শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এ ধরনের বিষয়ে মানবিক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে তাঁর দল।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার রাজনৈতিক কর্মকাণ্ডে অতিরিক্ত ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।

আন্তর্জাতিক চুক্তির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে বলে তাঁদের দল মনে করে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জামায়াত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।

জাপান সফরের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগে জাপান ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!