ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী ব্যয়সহ দলের মোট খরচের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির হিসাবে নির্বাচনে মোট ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণীতে বলা হয়েছে, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
হিসাব অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর জন্য দলীয় অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। গড়ে প্রতি প্রার্থী দল থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে সহায়তা পেয়েছেন।
নির্বাচনী ব্যয়ের খাতগুলোও বিস্তারিতভাবে উল্লেখ করেছে দলটি। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। জনসভা ও কেন্দ্রীয় নেতাদের সফরে ব্যয় হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা।
এ ছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা, স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে। বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের হিসাবও জমা দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী ইশতেহার ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন কাজে এই অর্থ ব্যয় করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!