জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা ও কৃষি নিরাপত্তা নিশ্চিত হয়নি। অনেক স্থানে কৃষকেরা নিজেদের জমিতে চাষাবাদ করতেও বাধার মুখে পড়ছেন।
বুধবার বিকেলে রাজধানীতে এনসিপির কৃষি সেলের আয়োজনে ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্ত এলাকায় গিয়ে দেখেছি, মানুষের খাদ্যনিরাপত্তা নেই। কৃষি ব্যবস্থারও কোনো নিরাপত্তা নেই। অনেক কৃষক নিজেদের জমিতে গিয়ে ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না। বাংলাদেশের জমি হওয়া সত্ত্বেও তাঁরা উৎপাদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”
তিনি বলেন, সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাঁকে বাধার মুখেও পড়তে হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের ভেতরেই যেতে চাইছিলাম। সেখানে যেতে না দেওয়া দুঃখজনক।”
কৃষি ও রাজনীতি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মওলানা ভাসানী কৃষকনির্ভর রাজনীতির সূচনা করেছিলেন। কিন্তু বর্তমানে কৃষি ও কৃষকের বাস্তব সংকট থেকে রাজনৈতিক দলগুলো দূরে সরে গেছে বলে মন্তব্য করেন তিনি।
হাওর অঞ্চলের ধান ক্ষতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অসময়ের অতিবৃষ্টি ও বন্যায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কৃষিপণ্য ঘিরে একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী সক্রিয় বলেও অভিযোগ করেন তিনি।
সেমিনারে তিনি সীমান্ত পরিস্থিতি, কৃষকের অধিকার ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়েও কথা বলেন। বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌমত্ব ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!