বর্তমান সরকার হাওয়া ভবনের ‘কিচেন কেবিনেট’ দিয়ে দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার রাজধানীর তোপখানা রোডে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত, তারাই এখন দেশ পরিচালনায় যুক্ত। জনগণ তাদের কাছ থেকে কিছুই আশা করে না।”
তিনি আরও বলেন, সীমান্তে মানুষ নিহত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীকেই সরাসরি দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে বিকশিত হতে দেওয়া হয়নি। খুলনা ও যশোর অঞ্চল দিয়ে চামড়া পাচার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, একটি সিন্ডিকেট এই খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
অনুষ্ঠানে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি চামড়া শিল্পের সংকট উত্তরণে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট ভাঙা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং এলডব্লিউজি (LWG) সনদ অর্জন, চামড়া শিল্প সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, নতুন ট্যানারি স্থাপন এবং লেদার কলেজ আধুনিকায়ন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পেলে চামড়া শিল্প দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!