রাজনীতি

গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছে সরকার: ড. আব্দুল মঈন খান

আপডেট: মে ২২, ২০২৬ : ০৪:৪৮ এএম
গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছে সরকার: ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে সরকার গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. মঈন খান বলেন, শুধু শহরের উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি শুধু শহর বা বিত্তশালীদের জন্য রাজনীতি করে না, গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের মানুষের সমস্যা ও বাস্তবতা উপলব্ধি করেই গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন।

ড. মঈন খান বলেন, বহু বছর আগে থেকেই তারেক রহমান গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের দুঃখ-কষ্টের কথা শুনেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি গ্রামীণ অবকাঠামো ও মানুষের জীবনমান উন্নয়নে জোর দিয়েছেন।

অনুষ্ঠান শেষে গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!