রাজনীতি

ধর্ষণ-সহিংসতায় গণআতঙ্ক দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে: সাইফুল হক

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:১৭ এএম ১৬
ধর্ষণ-সহিংসতায় গণআতঙ্ক দূর করে সুশাসন নিশ্চিত করতে হবে: সাইফুল হক

ধর্ষণ, হত্যা ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে ‘বিএনপি সরকারের তিন মাস: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, “রামিসাসহ গত সাত থেকে পনেরো দিনে হত্যা, ধর্ষণ ও পৈশাচিকতার শিকার হয়েছেন অনেকে। মক্তব-মাদ্রাসায় পৈশাচিকতা আমাদের আহত করে। এটা আফ্রিকান সিনড্রোম মনে হয়।”

তিনি বলেন, ধর্ষণের সঙ্গে দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সম্পর্ক রয়েছে। এর সঙ্গে আইনগত, অর্থনৈতিক ও সামাজিক নানা বিষয় জড়িত। তিনি অভিযোগ করেন, রামিসার ধর্ষকের সঙ্গে রাজনৈতিক পরিচয়ের বিষয়ও সামনে আসছে। অপরাধীরা রাজনৈতিক পরিচয় ধারণ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, “শাহ আলী মাজার ভাঙা, কুষ্টিয়ায় মাজারের একজনকে মারধর—অভ্যুত্থানের পর এমন বর্বরতা হওয়ার কথা ছিল না। এসব ক্ষেত্রে সরকারের উচিত দৃষ্টান্ত স্থাপন করা।”

তিনি আরও বলেন, “গণআতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গুড গভর্ন্যান্স নিশ্চিত করতে হবে। সরকার তিন মাসে রাতারাতি ম্যাজিক দেখাতে পারবে—এমন প্রত্যাশা না করাই ভালো। তবে সরকার কাজ করতে চাইছে, সে চেষ্টা করছে।”

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে ২৪ থেকে ২৫টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাজেটের পর সরকারের জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সাইফুল হক বলেন, জনগণের মধ্যকার ঐক্যই দেশের শক্তির জায়গা। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে বিরোধী দলে গেলে বিএনপি যে ধরনের রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করবে, এখন থেকেই সেই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!