রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন ও এর সহযোগী সংগঠনের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে নিষিদ্ধ সংগঠনের একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে শেরে বাংলা নগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
অন্যদিকে, ধানমন্ডি-৩২ এলাকায় জুমার নামাজের পর একই ধরনের কর্মসূচির প্রস্তুতির খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ২৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন বয়সী নেতাকর্মী রয়েছেন। পুলিশের দাবি, তারা সংগঠিতভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করছিলেন।
ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ সমাবেশের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!