রাজনীতি

আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৫:৪০ এএম
আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তোফায়েল আহমেদ। প্যারালাইসিসসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যার কারণে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

মঙ্গলবার তাঁর মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!