পুলিশি হয়রানি, পুরোনো স্বৈরাচারী চর্চা এবং বিরোধী মত দমনের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের ওপর আবারও জুলুম-নির্যাতন চলছে এবং সরকার পুরোনো স্বৈরশক্তির ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি, লুটপাট ও খেলাপি ঋণের সংস্কৃতি বন্ধে ব্যর্থ হয়েছে। এর ফলে বিরোধী দলের পক্ষে বাজেটের প্রশংসা করা সম্ভব নয়। প্রস্তাবিত বাজেটে জনগণের উন্নয়নের কতটা প্রতিফলন ঘটবে এবং কতটা ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহৃত হবে—তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং এটি বাস্তবায়নে বিপুল বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা তৈরি হবে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতি ও লুটপাট বন্ধ করা সম্ভব নয়।
ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে আবারও একটি বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ঘনঘন লোডশেডিং নিয়েও তিনি সমালোচনা করেন।
তিনি বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগকে জনগণের রায়ের ভিত্তিতে স্বাধীনভাবে পরিচালিত করতে হবে। তা না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
চট্টগ্রামে সম্প্রতি এক ঘটনায় জাতীয় ক্রিকেট দলের এক ক্রিকেটারকে পুলিশ গ্রেপ্তার করে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের ঘটনা পুলিশি সংস্কারের ঘাটতির প্রমাণ বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। সীমান্তে হত্যা ও বাংলাদেশিদের আটক বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়নীতি ও জনগণের স্বার্থকে ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা ছাড়া জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!