রাজনীতি

বাজেটে শ্রমিক–কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে: সাইফুল হক

আপডেট: জুন ১৫, ২০২৬ : ০৫:২৪ এএম
বাজেটে শ্রমিক–কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে: সাইফুল হক

বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটে শ্রমিক ও কৃষকদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণি শ্রমিক ও কৃষকদের জন্য বিশেষ কোনো উদ্যোগ দেখা যায়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর কথা থাকলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজেট ঘাটতির চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রবৃদ্ধির হিসাব অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল হক যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং এটি দেশের স্বাধীন বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সীমিত করবে।

ভারতের নতুন হাইকমিশনারের বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে সেই বার্তা বাস্তবে অর্থবহ হবে না। তিনি সীমান্ত সমস্যার সমাধানে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!