রাজনীতি

জনগণ ভালো নেই, ‘পাশা পুরো উল্টে গেছে’—মান্না

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৪:৫৯ এএম
জনগণ ভালো নেই, ‘পাশা পুরো উল্টে গেছে’—মান্না

দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের অবস্থার অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে।”

সোমবার (১৫ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে মান্না বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ইতিহাসে বিরল। তিনি বলেন, “বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে?”

তিনি আরও প্রশ্ন তোলেন, আন্দোলনের মাধ্যমে যেসব প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়েছে কি না। তার ভাষায়, “আজ পুরো পাশা উল্টে গেছে।”

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য না থাকলে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তিনি প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাম্প্রতিক বাজেট প্রসঙ্গেও সমালোচনা করেন মান্না। তিনি বলেন, ঘোষিত বিশাল বাজেটকে ঘিরে জনমনে স্বস্তি আনার চেষ্টা করা হলেও বাস্তবতার সঙ্গে তার মিল নেই। সরকারের আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মান্না সতর্ক করে বলেন, অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দেশ সংকটে পড়তে পারে। জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাস্তবমুখী নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!