রাজনীতি

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজের প্রতিশ্রুতি জামায়াতের

আপডেট: জুন ১৭, ২০২৬ : ০৫:৪১ এএম
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজের প্রতিশ্রুতি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ ভোট দিয়ে তাঁর দলকে সরকার গঠনের সুযোগ দিলে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের বিকাশ এবং সংবাদকর্মীদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে জামায়াত।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, দেশে বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদপত্রের উৎকর্ষ সাধন এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় তাঁর দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সময়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে, যার ফলে সাংবাদিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন মাত্র চারটি সংবাদপত্র সরকারি নিয়ন্ত্রণে রেখে বাকি সব পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে হাজারো সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন এবং তাঁদের পরিবার চরম দুর্ভোগের মুখে পড়ে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০০৯ সালের পর বিভিন্ন গণমাধ্যমের সম্প্রচার ও প্রকাশনা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন বলে তিনি দাবি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ও পরবর্তী সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এসব আইনের মাধ্যমে সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, এসব আইনের কারণে বহু সাংবাদিক ও লেখক হয়রানির শিকার হয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময় কিছু বিতর্কিত ধারা বাতিল এবং বন্ধ থাকা কয়েকটি গণমাধ্যমকে সম্প্রচারের অনুমতি দেওয়ার বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদপত্রকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ আখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্রের বিকাশ ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। তিনি দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের গণতন্ত্র রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!