সরকারি ক্রয় কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বৃহস্পতিবার বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ই-জিপি প্ল্যাটফর্ম এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সব অংশীজন সহজে নিবন্ধন করতে পারেন এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই সরকারি ক্রয় কার্যক্রমে অংশ নিতে পারেন।
বিপিপিএর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।
সভায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ই-জিপির অগ্রগতি, সাংগঠনিক কাঠামো, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
প্রতিমন্ত্রী বিপিপিএকে সরকারি ক্রয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশ দেন।
তিনি বলেন, এ ধরনের সভা বিপিপিএর জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ই-জিপি প্ল্যাটফর্মকে আরও সহজ করা এবং এর কার্যক্রমের পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা নির্ধারণে সহায়ক হবে।
সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বাড়াতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভার আয়োজন করা হবে। সেখানে পাওয়া মতামতের ভিত্তিতে বিপিপিএ ও ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ক্রয় আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাবও সরকারের কাছে পাঠানো হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!