রাজনীতি

জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী

আপডেট: জুন ২৩, ২০২৬ : ০৫:৫৭ এএম
জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, “বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।” তিনি অভিযোগ করেন, “পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।”

তিনি দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে কোনো গুম বা ‘ক্রসফায়ার’-এর ঘটনা ঘটেনি। কেবল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে আটক করা হয়নি।

রিজভী বলেন, দেশ এখন গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। তবে একটি মহল এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগসহ তাদের সমর্থক বিভিন্ন মহল নানাভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে।”

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!