রাজনীতি

‘দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে’

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৫:৪৮ এএম
‘দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে’

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। জনগণের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে সন্ত্রাসবিরোধী মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুজ্জামান মন্টু বলেন, দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এসব উদ্যোগ সফল হতে দেওয়া হবে না।

ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, কে এম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম ও মশিউর রহমান লিটন।

সমাবেশ শেষে একটি মিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

এর আগে সকালে খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।

জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন। বক্তারা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!