জাতীয় সংসদে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আখতার হোসেন বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি এখন স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, অতীতে হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা কিংবা সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণেই ঘটেছে। এসব ঘটনায় বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।
আখতার হোসেন আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল (রিশিডিউলিং) করে থাকে। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয়।
অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে এবং বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক জটিলতা কীভাবে দূর করা হবে, সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!