দেশের শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমাতে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও জীবনরক্ষাকারী নিবিড় পরিচর্যা সেবার ৮০ থেকে ৯০ শতাংশই রাজধানী ও বড় শহরকেন্দ্রিক। এ বৈষম্য দূর করতে আইসিইউসহ জরুরি স্বাস্থ্যসেবা গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করা জরুরি।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রতি এক লাখ মানুষের জন্য রয়েছে মাত্র ১ দশমিক ৭টি আইসিইউ শয্যা এবং ৯টি সাধারণ হাসপাতালের শয্যা। এছাড়া ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় কোনো ধরনের আইসিইউ সুবিধা নেই। ফলে নবজাতক, গর্ভবতী নারী, নিউমোনিয়া, স্ট্রোক কিংবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে ঝুঁকির মুখে পড়ছেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে শুধু আইসিইউ শয্যারই সংকট নয়, বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতির উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকায় তাৎক্ষণিকভাবে আইসিইউ স্থাপন সম্ভব না হলেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগীদের দ্রুত জেলা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
দেশের চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জামের সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসকেরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এবং অসংখ্য মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএসসিসিএমের সভাপতি অধ্যাপক ডা. আরিফ আহসান, সাধারণ সম্পাদক ডা. মো. জাফর ইকবালসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!