রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৪:৪২ এএম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ধরনের রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পাশাপাশি অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করতে হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে প্রথম সভা করেছে এবং ধারাবাহিকভাবে কাজ করছে। এ কার্যক্রমে আইইউপিএইচপিএসপিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নানা উদ্যোগ নেওয়ার পরও বিভিন্ন স্থানে মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা জোরদারের মাধ্যমে মানুষের মধ্যে প্রতিরোধমূলক আচরণ গড়ে তুলতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে বক্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন আইইউপিএইচপিএসপি প্রকল্পের লক্ষ্য হলো শহরাঞ্চলে প্রতিরোধমূলক জনস্বাস্থ্যসেবা জোরদার করা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এনডিসি, আইইউপিএইচপিএসপির প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!