রাজনীতি

‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’: মির্জা ফখরুল

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৪:৫২ এএম
‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না। একজন শিক্ষক তাঁর জ্ঞান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেন, আর সেই জ্ঞানই সমাজ ও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

শুক্রবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাঁর কর্মজীবনের শুরু শিক্ষকতা দিয়ে। জীবনে সবচেয়ে বেশি আনন্দ তিনি শিক্ষকতা পেশাতেই পেয়েছেন। তাই কেউ জানতে চাইলে তিনি গর্বের সঙ্গে নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় যেন শুধু আরেকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না হয়ে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, সে লক্ষ্যেই কাজ করতে হবে। এ জন্য শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। তবে অল্প সময়ের মধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং চলতি বছর ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ প্রশংসনীয়।

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!