ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির এক নেতা হত্যা মামলার প্রধান আসামি হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্যসচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত ৩ জুলাই থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’
গত মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের সুমন শেখ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এক নম্বর আসামি করা হয় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে।
শুক্রবার বিকেলে নিহত সুমনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, হত্যা মামলার তদন্তে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্যের ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা আসে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথিল বলেন, উপজেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বশেষ কমিটির এক নেতা হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের সুযোগ এড়াতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সুপারিশে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!