বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার লালমনিরহাট শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মাদকের আগ্রাসনে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপথে যাচ্ছে তরুণেরা। তাঁদের ভবিষ্যৎ রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, গত ১৫–১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের অনেক নেতা–কর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে প্রাণও দিয়েছেন। এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জেলার প্রতিটি এলাকায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হবে। প্রথমে তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এরপরও কেউ সংশোধন না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়েও সতর্ক করে তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে নিবন্ধন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক ও ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিঅনুষ্ঠানে জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রায় ৩ হাজার ১০০ স্বেচ্ছাসেবক অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে কর্মসূচির সদস্যদের শপথ পাঠ করানো হয়। পরে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!