প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। এ কারণে সরকারের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ‘এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (অ্যাব) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাছের চারা বিতরণও করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হওয়ায় বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে এবং জনগণের কাছে দায়বদ্ধ রয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে, কেউ ছাড় পাবে না।
অনুষ্ঠানের আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।
এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!