রাজনীতি

নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: মঈন খান

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:১৬ এএম
নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে: মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী–২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নিজের অধিকার যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেরাই আদায় করতে না পারবে, ততক্ষণ অন্য কেউ তা এনে দেবে না।

শনিবার নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, খান পরিবার দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় সব সময় ভূমিকা রেখে এসেছে। তাঁর মা বেগম খোর্শেদা বানু খান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করেছেন।

তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি। কিন্তু নিজের অধিকার প্রতিষ্ঠায় জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

দেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সেবায় আজীবন কাজ করে যেতে চান এবং এ জন্য সবার দোয়া কামনা করেন।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!