সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন পরিচ্ছন্ন, দেশপ্রেমিক ও নীতিবান রাজনীতিক হিসেবে স্মরণ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রোববার সকালে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে জমির উদ্দিন সরকার সব মহলে সমাদৃত ছিলেন। তিনি ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি জামায়াতের কয়েকজন নেতার পক্ষে আদালতেও দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে কোনো পারিশ্রমিক গ্রহণ না করে এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করতেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁর এই অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
শোকবার্তার শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দানের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!