রাজনীতি

অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে: রিজভী

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৫:১৯ এএম
অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রাণহানির ঘটনা বেড়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, রাজনৈতিক বিবেচনায় নেওয়া বিভিন্ন অবকাঠামো প্রকল্পের কারণে হাওর ও জলাভূমির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়েছে। তাঁর দাবি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করায় ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে সুন্দরবনসংলগ্ন এলাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল, যার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা–কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!