১৬ জুলাইকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও সাদা পোশাকের সদস্যরাও টহল দিচ্ছেন।
বুধবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ টহল শুরু হয়। বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশি তল্লাশিচৌকি (চেকপোস্ট)।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত পুলিশি টহলের পাশাপাশি বিজিবিও মাঠে দায়িত্ব পালন করবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কাশিয়ানী থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় ভিন্নভাবে দেখা হচ্ছে না। এখানকার মানুষ শান্তিপ্রিয়। তবে ১৬ জুলাইকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। সেই ঘটনার বর্ষপূর্তিকে ঘিরে এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!