রাজনীতি

‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ফখরুলের

আপডেট: জুলা ১৮, ২০২৬ : ০৬:০২ এএম
‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘জুলাই সনদ’ ইস্যুতে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁর দাবি, আন্দোলনে অংশ নেওয়া দলগুলো যৌথভাবে এ সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সংসদে জুলাই সনদের দাবি বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে। তাঁর ভাষ্য, ‘আমার মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্যই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।’

গণভোটের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আলোচনায় থাকা কিছু প্রস্তাবের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে দলটি কখনোই একমত ছিল না বলেও তিনি দাবি করেন।

সংবিধান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধান ‘সংস্কার’ নয়, ‘সংশোধন’-এর পক্ষে। তাঁর মতে, জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনী ইশতেহারের আলোকে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন করবে।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকারব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।’

বিরোধী দলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘জুলাই সনদকে শুধু ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ একই সঙ্গে তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানান।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজন বক্তব্য দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!