মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তরুণদের মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে একটি বিশেষ ফুটবল টুর্নামেন্ট।
মন্ত্রী বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। একটি দল শিরোপা জিতলেও দর্শকদের জন্য পুরো আয়োজনই ছিল উপভোগ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে মুগ্ধতার কথা জানিয়ে মির্জা ফখরুল অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তিনি শহীদ ফারহান ফাইয়াজসহ জুলাই আন্দোলনের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ফিউ)-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের প্রতিযোগিতায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!