রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে আপস নয়, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের

আপডেট: জুলা ২০, ২০২৬ : ০৬:০৫ এএম
গণভোটের রায় বাস্তবায়নে আপস নয়, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায় বাস্তবায়িত না হলে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সেই দায় বিরোধীদল নেবে না।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় মানতে চায় না। স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে কার্যকরভাবে দেখতে তাদের অনীহা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, ‘জনগণের দেওয়া রায় এ দেশের মাটিতে বাস্তবায়ন হবেই।’

তিনি বলেন, জনগণের স্বার্থে বিরোধীদল সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবে। সংসদে দাবি আদায় সম্ভব না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। এ নিয়ে বিভিন্ন প্রস্তাব বা প্রলোভন এলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, জনগণের রায়ের প্রতি অসম্মান দেখানো হলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও দুর্বল হয়ে পড়বে।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার স্বৈরশাসনের ভাষায় কথা বলছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে বিরোধীদল সতর্ক অবস্থানে রয়েছে।

তরুণদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো দেশীয় বা আন্তর্জাতিক চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না।

অনুষ্ঠানে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শফিকুর রহমান ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!