সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে তাঁর যোগদানের তারিখ থেকে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে—যেটি আগে ঘটে।
এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। নিয়োগের বিষয়টি সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!